কামাল হোসেন নয়নঃ-চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৫:৩২
চৌদ্দগ্রামে পদুয়া খামার পুষ্করুণী প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা: কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া খামার পুষ্করুণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি সামান্য বৃষ্টিতেই জলাশয়ে পরিণত হয়। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের। মাঠজুড়ে নোংরা পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো বিদ্যালয় মাঠ হাঁটু পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় দিনভর সেই পানি জমে থাকে। বাধ্য হয়ে নোংরা ও পঁচা পানি মাড়িয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় জুতো-মোজা হাতে নিয়ে, জামা কাপড় ভিজিয়ে ক্লাসে যেতে দেখা যায় খুদে শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছন্নাহার জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানির দুর্গন্ধে শ্রেণীকক্ষে বসে ক্লাস করাও অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়,
মাঠটি দ্রুত মাটি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা অত্যন্ত জরুরি।
কোমলমতি শিশুদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল।