রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি:
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৬:২৩
কাহালুর ছিনতাই মামলায় র্যাবের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেপ্তার
শনিবার (৪ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত বগুড়া সদর, কাহালু, নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাহালু থানার মামলা নং-১৩ (তারিখ: ১৮ জুন ২০২৬, ধারা-৩৯২, পেনাল কোড) এর তদন্তে প্রাপ্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—
বগুড়া সদর উপজেলার পুরাতন মধ্যপাড়ার মো. মাসুম বিল্লাহ (মিঠু) (৩৯),
নন্দীগ্রাম উপজেলার ঢাকইর এলাকার মো. আবু বক্কর সিদ্দিক (৩৮),
বগুড়া সদরের পুরাতন বগুড়ার মো. জাফর হোসেন (৪০),
বগুড়া সদরের পুরাতন মধ্যপাড়ার মো. রাশেদ হোসেন (২৮), এবং
শাজাহানপুর উপজেলার ফুলদিঘী ফুলতলার মো. আবু হোরায়রা খন্দকার (মানিক) (৩০)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।