মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ১০:১২:৩৪
নরসিংদীতে ইউপি সদস্য সেলিনার মানবিকতায় পরিবারের কাছে ফিরল হারানো শিশু
হারিয়ে যাওয়া আট বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশু বায়জিদকে আশ্রয় দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নরসিংদীর শিলমান্দী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা বেগম।
জানা যায়, নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু বায়জিদ। তার বাবা মকবুল খন্দকার পেশায় রুটি দোকানের কর্মচারী। সন্তানের সন্ধানে দিশেহারা হয়ে মাইকিং করে জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি।
এদিকে, শিশুটিকে একা ঘুরতে দেখে কুড়িয়ে নিজ বাড়িতে আশ্রয় দেন ইউপি সদস্য সেলিনা বেগম। পরে তিনি বিষয়টি নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরকারকে জানান।
খবর পেয়ে কামরুজ্জামান সরকার বিভিন্ন সূত্র ধরে শিশুটির পরিবারের সন্ধান করেন। একপর্যায়ে মাইকিংরত বাবাকে খুঁজে বের করে শিশুটির পরিচয় নিশ্চিত করা হয়।
পরে সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে শীলমান্দী ইউনিয়নের বিট অফিসার এস আই দেলোয়ার হোসেন, এ এস আই মতিন, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিশু বায়জিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একটি অসহায় শিশুকে নিরাপদ আশ্রয় দেওয়া এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সেলিনা বেগমের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।