পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৩:৪৬
পীরগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট ইমাম হোসেন ও সহযোগী আটক, কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফের গ্রেফতার হয়েছেন এলাকার চিহ্নিত মাদক সম্রাট ইমাম হোসেন ও তার এক সহযোগী।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ভেবড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে মাদক সেবন করার সময় মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ও তার সহযোগী মীর এনামুল হককে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এম ইশফাকুল কবীর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায় ঘোষণা করেন। আদালত প্রধান অভিযুক্ত ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং তার সহযোগী মীর এনামুল হককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
স্থানীয়রা জানান, ইমাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার এই গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকের সিন্ডিকেট অনেকটাই দুর্বল হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে ও তার এক সহযোগীকে আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।