রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৯:৫৫:০৮
উত্তরাঞ্চল বগুড়ায় উন্নয়নের মহাপরিকল্পনা, চার লেন সড়ক ও কার্গো বিমান সার্ভিসে নতুন দিগন্ত
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও শিল্পায়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে বগুড়া কেন্দ্রিক নতুন উন্নয়ন মহাপরিকল্পনা ঘিরে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। প্রস্তাবিত চার লেন মহাসড়ক, আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং কার্গো বিমান সার্ভিস চালু হলে গোটা উত্তরাঞ্চল একটি আধুনিক অর্থনৈতিক জোনে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্রে জানা যায়, বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় এশিয়ান হাইওয়ের সঙ্গে প্রস্তাবিত চার লেন সড়ক সংযুক্ত হলে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শিরীন শারমিন এমপি সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো এক ডিও চিঠিতে বগুড়া-ঢাকা, বগুড়া-রংপুর এবং বগুড়া-নওগাঁ মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার অনুরোধ জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এসব মহাসড়ক বাস্তবায়ন করা হলে বগুড়া উত্তরাঞ্চলের প্রধান ট্রানজিট, লজিস্টিক ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে।
অন্যদিকে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে কার্গো বিমান সার্ভিস চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্য, ফল, সবজি, দুগ্ধজাত পণ্য ও শিল্পপণ্য দ্রুত দেশের বিভিন্ন জেলা ও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
প্রস্তাবিত শেরপুর-নাটোর চার লেন মহাসড়ক বাস্তবায়িত হলে শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সড়ক, রেল ও আকাশপথ মিলিয়ে উত্তরাঞ্চলে একটি সমন্বিত মাল্টিমোডাল বাণিজ্য করিডোর গড়ে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পায়ন গবেষকরা বলছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে নতুন শিল্পাঞ্চল, ইপিজেড, কোল্ড স্টোরেজ, লজিস্টিক হাব, আইটি পার্ক ও রপ্তানিমুখী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠবে।
উত্তরাঞ্চল দেশের প্রধান কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় উন্নত মহাসড়ক ও কার্গো সুবিধা কৃষি অর্থনীতিতে বড় ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, আধুনিক সড়ক যোগাযোগ, এশিয়ান হাইওয়ে সংযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর ও কার্গো সুবিধা একসঙ্গে কার্যকর হলে বগুড়া কেন্দ্রিক উত্তরাঞ্চল দেশের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।
পরিকল্পনাবিদদের মতে, এই সমন্বিত অবকাঠামো উন্নয়ন বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে যাতায়াত সময় কমবে, কর্মসংস্থান বাড়বে এবং নতুন নগরায়ণের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিনের পিছিয়ে থাকা উত্তরাঞ্চল তখন একটি আধুনিক শিল্প, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের শক্তিশালী অর্থনৈতিক জোন হিসেবে আত্মপ্রকাশ করবে।