ধামরাইয়ে দুর্গাপূজা মণ্ডপে সুলতান সালাউদ্দিন টুকু
সোহেল আমিন, ধামরাই (ঢাকা)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৮:০৪
শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান
ঢাকার ধামরাইয়ে বারবাড়িয়া এলাকার জগদীশ চন্দ্র দাসের বাসভবনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সামাজিক সমাবেশে বক্তব্য দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বক্তব্যে তিনি দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো ধরনের অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এবং কীভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি জুলাইয়ের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে প্রাণহানি এবং গুম-হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা হলো—সব ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড নিরাপদে পালন করবে। এ জন্য পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী করতে হবে।
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি উৎসব উপলক্ষে সহযোগিতা ও অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং কোনো অপশক্তির স্থান থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পরে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।