কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ০৬:৫১:১৬
কালকিনিতে হাসপাতালের জমি দখলের অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নুর জেনারেল হাসপাতালের জমি জোরপূর্বক দখলের অভিযোগে সোলেমান হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ভুরঘাটা স্ট্যান্ডে অবস্থিত নুর জেনারেল হাসপাতালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, জমি সংক্রান্ত চলমান মামলায় আদালত থেকে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তা অমান্য করে সোলেমান হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক হাসপাতালের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এমনকি রাতের আঁধারে সেখানে স্থায়ী ভবন নির্মাণের কাজও করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার সহযোগিতা চাওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।