আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাদেশের ন্যায় মৌলভীবাজার-এও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
রোববার (৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন-এর আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর-এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুপর্ণা দামের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অপরিসীম। বর্তমান সময়ে নারীরা শুধু ঘরে সীমাবদ্ধ নয়, তারা শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল সরকার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং পরমা দেব পূজা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।