সোহেল রানা (ডামুড্যা), শরীয়তপুর
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৭:৩৫:৩৭
ঈদযাত্রা নির্বিঘ্নে শরীয়তপুরে বুড়িরহাট–গোসাইরহাট বেহাল সড়কে হুইপ অপুর নির্দেশে দ্রুত সংস্কার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুরের বুড়িরহাট–গোসাইরহাট সড়কে জরুরি মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের উদ্যোগে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে।
জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শরীয়তপুর–৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু–এর সরাসরি নির্দেশনায় দ্রুতগতিতে এগিয়ে চলছে সংস্কার কার্যক্রম। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের যানজট, দুর্ঘটনা বা দুর্ভোগ না ঘটে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন এবং উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেল–এর নির্দেশনায় ইতোমধ্যে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, বড় বড় গর্ত ভরাটসহ চলাচল উপযোগী করতে জোরেশোরে কাজ চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে শ্রমিকরা দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছেন।
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, “ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। মাননীয় হুইপের নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।”
মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে শিধলকুড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ পুরোদমে চলছে। কাজের অগ্রগতি দেখে সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের আগেই মেরামত সম্পন্ন হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
সংস্কার কাজ শেষ হলে ডামুড্যা, গোসাইরহাট, হিজলা ও মুলাদি অঞ্চলের লাখো মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সচেতন মহলের মতে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।