দেওয়ান সবুজ, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৪৪:৩৭
ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ পিতা-পুত্র আটক
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ভট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ভট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক দুজন পরস্পর পিতা-পুত্র এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ঈশ্বরদী থানা-এ নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।