নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ সকাল ১১:০১:৩২
বাগেরহাটে আধিপত্য নিয়ে সংঘর্ষে অগ্নিসংযোগ,যুবক নিহত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং ৩০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। নিহত রাজিব শেখ চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও মনজুরুল আলম গ্রুপের মধ্যে জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি এক সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই গতকাল বৃহস্পতিবার রাতে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হামলাকারীরা সংগঠিত হয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও উত্তপ্ত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী তলব করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।