নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬ রাত ১০:৫৩:১৫
সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত
রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।