মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ দুপুর ১২:৫৪:০৫
টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে নছিমনের ধাক্কা: চালক আশঙ্কাজনক, খুলনায় স্থানান্তর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নছিমনের ধাক্কায় শাহিদুল (৫২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা মেট্রো-ন-২৬-০০১৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান মকসেদপুর থেকে আকিজ কোম্পানির মালামাল নিয়ে ভাণ্ডাঘিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে মল্লিকের মাঠ এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে চালক মো. কবির হোসেন (পিতা- বাচ্চু মিয়া, কুমিল্লা) গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন।
ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি নছিমন দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক শাহিদুল গুরুতর আহত হন। আহত শাহিদুল টুঙ্গিপাড়া উপজেলা বাঁশবাড়িয়া (খাজুরতলা) গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা শাহিদুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে খুলনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।