নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৪:৫৮
কসবায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ, আসামি পলাতক
কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক আসামিকে শনাক্ত করা হলেও তিনি পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টা ১০ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায়, উত্তরা বাজাজ মোটরসাইকেল শোরুমের দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশ পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিন ভূইয়া (৩৮), পিতা-মোঃ রঙ্গু মিয়া ও মাতা-জমিলা বেগম, সাং-ধজনগর (দক্ষিণপাড়া ভূইয়া বাড়ী), ইউনিয়ন-০৬ নং গোপীনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার দখল থেকে ১০ কেজি গাঁজা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে। তবে অভিযানের সময় আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় আরও ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
এ বিষয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর-৫৮, তারিখ ২২ এপ্রিল ২০২৬ এবং জিআর নম্বর-১৬২। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।