রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৯:২৪:০৯
দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসাদুল হাবিব দুলুর উদ্যোগে লালমনিরহাটে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন শুধু এ জেলায় সীমাবদ্ধ থাকবে না, বরং সারাদেশে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেবে এবং একটি সুন্দর সমাজ গঠনে কাজ করবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অসংখ্য মামলা, নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটলেও তারা আন্দোলন থেকে সরে আসেননি। তিনি বলেন, দলের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রয়েছে এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়ন কার্যক্রম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, লালমনিরহাটসহ তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে তিনি বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্যে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অনুসরণীয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।