মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩২
নবীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।
বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস, ৫০টি রুমাল এবং নগদ ১০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির ফলেই আজ দেশের প্রতিটি প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল, পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার কমিশনার, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।