হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৬:২৮
বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারীরা একটি পিকআপে করে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে লক্ষীবাজার এলাকা থেকে পিকআপসহ ১ হাজার ১৬১ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।