টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৬:৩৭
টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার এক নারীর সঙ্গে দেখা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে নেতাকর্মীরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ফেরদৌস আমিনা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ গাজীসহ চারজন জড়িত বলে ভুক্তভোগীর অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও বাকি দুজন এখনো গ্রেফতার হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, এঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করার সময় এনসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলামসহ অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহাগ কাজী ও স্থানীয় আকবর আলী কাজীকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।