ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ০৯:৫৬:৩১
ঈশ্বরদীতে ইউপি সদস্যের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
ভুক্তভোগী তরিকুল ইসলাম লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় কাঞ্চন (৪৬), তার ছেলে আসিফ (১৮) ও মেয়ে পপি (৩০)-কে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
সোমবার ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ঘরের একটি ওয়্যারড্রোব ভাঙচুর করা হয়েছে। ভাঙা শোকেসের কাচ মেঝেজুড়ে ছড়িয়ে রয়েছে। এছাড়া ঘরের টিনের বেড়ায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ভুক্তভোগী ঝড়া খাতুনের শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী ঝড়া খাতুন জানান, ঘটনার রাতে তিনি তার ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলেন। সন্ধ্যার দিকে তার স্বামী ব্যবসার ১০ লাখ টাকা বাড়িতে রেখে যান। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী কাঞ্চন তার ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে রাতে বাড়িতে আসে।
তিনি বলেন, “গেট নক করলে স্বামী এসেছে মনে করে দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গেই তারা ঘরে ঢুকে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আসিফ আমার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা কোথায় রেখেছি জানতে চায়। পরে প্রাণভয়ে টাকার অবস্থান জানাই। তারা নগদ ১০ লাখ টাকা ও প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো অগ্রগতি হয়নি।
তরিকুল মেম্বারের ভাই প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, “বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।”
তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”