মোঃ ওয়াজেদ আলী সিনিয়র, গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৫০:৩০
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে নোমান সরকার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত নোমান সরকার গোবিন্দগঞ্জ পৌর শহরের একতা পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে পৌরসভার বর্ধনকুঠি এলাকায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নোমান। এ সময় শিশুর চিৎকারে এবং ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে ধরার জন্য পিছু নেয়।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকায় ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে জনতা নোমানকে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীব জানান, "শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।