শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ বিকাল ০৩:০০:৪২
অফিস কক্ষে বসেই প্রকাশ্যে ধূমপান, সমালোচনার মুখে চাঁদপুর-২ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান
চাঁদপুর-২ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অফিস কক্ষে বসেই প্রকাশ্যে ধূমপানের অভিযোগ উঠেছে। সরকারি অফিসে এমন কর্মকাণ্ডকে ঘিরে সাধারণ গ্রাহক ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, অফিস চলাকালীন সময়েই তিনি নিজ কক্ষে ধূমপান করেন বলে অভিযোগ করেন সেখানে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি। এতে অফিসের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ধূমপানের ক্ষতিকর প্রভাব অন্য কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের ওপরও পড়ছে বলে অভিযোগ উঠেছে।
সচেতন মহল বলছে, যেখানে সরকার তামাকবিরোধী আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে, সেখানে একটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক। প্রকাশ্যে ধূমপান নিরোধ আইন অনুযায়ী সরকারি অফিসসহ জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সরকারি অফিসে শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকে।