বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ রাত ০৯:১৮:১১
বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে পাট কেনার জন্য মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। চায়না অফিস মোড়ে পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।