মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৯:০৬:৫৬
রাজনগরে তুচ্ছ ঘটনায় সিএনজি চালককে পিটিয়ে হত্যার চেষ্টা
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশায় যাত্রী ও মালামাল বহনকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই চালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
আহত সিএনজি চালকের নাম আব্দুল মালিক (৩৮)। এ ঘটনায় তার ভাই আলিফ মিয়া বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামের সাজু মিয়ার দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা মালিকের ইনকামের ৫ হাজার ৬৫০ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি চালক আব্দুল মালিক প্রায় প্রতিদিন তার সিএনজি অটোরিকশা দিয়ে সপলু মিয়া, আহমদ আলী ও ফনোয়ার মিয়াকে রক্তা এলাকা থেকে মৌলভীবাজার মাছের আড়তে নিয়ে যেতেন। একই এলাকার আরেক সিএনজি চালক জনি মিয়া এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন।
ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আব্দুল মালিক প্রতিদিনের মতো যাত্রী নিয়ে মৌলভীবাজারের মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দিলে রক্তা গ্রামের সাজু মিয়ার দোকানের সামনে জনি মিয়া তার সিএনজি দিয়ে পথরোধ করেন। পরে তিনি মালিকের গাড়ির চাবি কেড়ে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে জনি মিয়া তার ভাই সজীব মিয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে ডেকে এনে লোহার রড, জিআই পাইপ, রামদা ও লাঠিসোটা দিয়ে আব্দুল মালিককে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথা ও বাম চোখে গুরুতর আঘাত লাগে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করে।
আহতের ভাই আলিফ মিয়া জানান, জনি মিয়া ও তার ভাই সজীব মিয়া এলাকার সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। হিংসার বশবর্তী হয়ে তারা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে তার ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূইয়া বলেন, বিষয়টি এখনও তার জানা নেই। অভিযোগ পেলে বা বিষয়টি জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।