মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৪:৫০
টানা ভারী বৃষ্টিতে মৌলভীবাজারে আবারও জলাবদ্ধতা: পানিবন্দি শতাধিক মানুষ
টানা ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার পৌর এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি জমে প্রায় ৬০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
শহরের একমাত্র প্রধান পানি নিষ্কাশন পথ কোদালি ছড়া দীর্ঘদিন পরিষ্কার না থাকায় এর পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতা কমে গেছে বলে জানা গেছে।
পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও নালা দীর্ঘদিন অপরিষ্কার থাকায় বৃষ্টির পানি নামার পথ না পেয়ে এসব এলাকায় পানি জমে আছে। ফলে ঘরবাড়ি, দোকানপাট ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতির মুখে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, শহরের লেইক রোড, সৈয়দ মুজতবা আলী সড়ক, এম সাইফুর রহমান সড়ক, গোবিন্দশ্রী সড়ক, ধরকাপন সড়ক, পূর্ব গির্জাপাড়া, পশ্চিমবাজার রোড ও ওয়াপদা রোডসহ বিভিন্ন এলাকায় একই চিত্র বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় উজান ও মৌলভীবাজার জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
স্থানীয় বাসিন্দা নয়ন দাশ বলেন, “সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে যায়। এবার টানা বৃষ্টিতে ঘরে কোমরসমান পানি উঠেছে। ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে আছি।”
ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “দোকানের মালামাল পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেন পরিষ্কার না করায় প্রতি বছর একই সমস্যায় পড়তে হচ্ছে।”
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল মিয়া বলেন, “প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার মুখোমুখি হতে হয়। এবার টানা বৃষ্টিতে ঘরে পানি ঢুকে পড়েছে। কিন্তু এখনো কাউকে সাহায্যে আসতে দেখিনি।”
পশ্চিমবাজার এলাকার এক জুয়েলারি ব্যবসায়ীও একই অভিযোগ করে বলেন, দোকানের মালামাল পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এবং ড্রেন পরিষ্কার না থাকায় প্রতিবছর এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভা-এর প্রশাসক রুবেল আহমদ বলেন, “টানা ভারী বৃষ্টিপাতের কারণে পৌরসভার কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য আমাদের কর্মীরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, আবহাওয়া স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।”