কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬ রাত ০৮:৩৪:৩৪
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন তালুকদার
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি। আমার আসনের জনগণের যাদের ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রয়োজন, আমি চাই তারা সরাসরি আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলার সুযোগ পাক।”
শুক্রবার বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরে জিওবি মেইনটেন্যান্সের আওতায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট-ডিসি থেকে রামারপোল লঞ্চঘাট পর্যন্ত সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার আরও বলেন, “আমার নির্বাচনী আসনের প্রতিটি ইউনিয়নে ঘুরে জনগণের উন্নয়নমূলক কাজের তথ্য সংগ্রহ করছি। তারা লিখিত আবেদন দিক কিংবা সরাসরি মুখে বলুক, আমি তা নোট করে রাখছি। আমি চাই, জনগণ তাদের প্রয়োজনীয় কাজ আমার মাধ্যমে বাস্তবায়নের সুযোগ পাক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।”
এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।