মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৬:১৪
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই পরীক্ষার্থীর
নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিয়ে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।