গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ১০:০৮:৫২
১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই)কে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ লক্ষ্যে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি লাইভ মিছিল-সংক্রান্ত ঘটনায় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও সমন্বিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, "গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ওই ঘটনার প্রেক্ষাপটে এবার ১৬ জুলাইকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষ্যেই জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।