নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬ রাত ০৯:৪৯:১৭
ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
কানাডার টরন্টো থেকে ঢাকাগামী রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালিতে যান্ত্রিক ত্রুটির কারণে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে। জ্বালানি নেওয়ার জন্য নির্ধারিত যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়। যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।
যাত্রীদের সূত্রে জানা গেছে, আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। অবতরণের পর কারিগরি পরীক্ষায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাদের জানানো হয়, মেরামত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট ছাড়তে পারবে না। স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ২টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন পুনরায় যাত্রা শুরু হবে, সে বিষয়ে তখনও কর্তৃপক্ষ নিশ্চিত কোনো সময়সূচি জানাতে পারেনি।
যাত্রীরা জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিমান কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
শরিফুল আলম নামে এক যাত্রী গণমাধ্যমকে বলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে মানুষ ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বিমানের একটি সূত্রে জানিয়েছে, বিকল্প ফ্লাইট, যাত্রীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে।
এর আগে সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি বিমান মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।