মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ বিকাল ০৪:১১:৪৭
মৌলভীবাজারে হামের আশঙ্কা, চিকিৎসা নিয়েছেন ২৮ জন; পজিটিভ ৬
মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু।
বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন পুরুষ। এছাড়া আরও কয়েকজন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ২৮ জন রোগী চিকিৎসা নেন। তাদের নমুনা পরীক্ষার পর ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা জানান, হঠাৎ জ্বর, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে ফুসকুড়ি ওঠার মতো উপসর্গ দেখা দেওয়ায় তারা হাসপাতালে আসেন। এক অভিভাবক বলেন, “আমার বাচ্চার কয়েকদিন ধরে জ্বর ছিল, পরে শরীরে লাল দানা ওঠে। তখন দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা বলছেন এটি হাম হতে পারে।”
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাস বলেন, “বর্তমানে হাসপাতালে ৬ জন হাম আক্রান্ত রোগী ভর্তি আছেন। আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের হামের ঝুঁকি বেশি। সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে র্যাশ হামের প্রধান লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, “জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। প্রতিদিনই হামের লক্ষণ নিয়ে রোগী আসছেন।”