মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ১০:০৯:৫২
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ের দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের দুর্গম ও পানিবন্দি এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারের সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা ও খাদ্যসংকটে রয়েছেন। এমন সময় বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মৌলভীবাজারে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।