মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ রাত ১০:২৪:৩০
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের লিটারপ্রতি তেলের পরিমাণ কম দেওয়া হচ্ছিল, যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় একটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানের অংশ হিসেবে একই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় না ঘটে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক তাসনীম দোহা।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।