কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৪:৩৩
আখাউড়া-আগরতলা সড়কের পাশে কৃষিজমি ভরাটের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো ধরনের নিয়ম-নীতি কিংবা অনুমোদনের তোয়াক্কা না করেই প্রভাবশালী একটি চক্র এসব জমি ভরাট করছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে—কারা এই ভরাট কার্যক্রমের সঙ্গে জড়িত এবং কীভাবে তারা প্রশাসনের নজর এড়িয়ে এমন কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে অভিযান পরিচালনা করে এই অবৈধ জমি ভরাট বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।