রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ০৬:৩৪:২৮
বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বুধবার (১৩ মে) জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস এবং তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়াসহ অনেকে।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা জানান, সরকারের নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চালু করা হবে ‘কৃষক কার্ড’।
এছাড়া দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, সব ধরনের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রচার কৌশল বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানানো হয়।