শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি:
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:০৮
ঈদুল ফিতরকে সামনে রেখে মতলবে জমে উঠেছে পশুহাট
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিরবাজার পশুহাটে ক্রেতা–বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে পশুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় হাটজুড়ে চলছে জমজমাট কেনাবেচা ও তীব্র দরকষাকষি।
সাপ্তাহিক এই হাটে ঘুরে দেখা যায়, মাংসের জন্য উপযুক্ত গরু ও ছাগলের চাহিদা বেশি। বিশেষ করে বিভিন্ন মাংস সমিতির পক্ষ থেকেও ভালো মানের পশু কিনতে ক্রেতারা হাটে আসছেন। কসাই ও ব্যবসায়ীরাও ঈদের আগে মাংস বিক্রির প্রস্তুতি হিসেবে উন্নত জাতের পশু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার সুজাতপুর গ্রামের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, “গত কয়েক দিনের তুলনায় এখন গরু–ছাগলের দাম বেড়েছে। আজ হাটে তিনটি গরু এনেছিলাম, এর মধ্যে দুটি বিক্রি করেছি। একটি এখনো বিক্রি হয়নি, কারণ প্রত্যাশিত দাম পাইনি।”
হাটে গরু কিনতে আসা করিম ব্যাপারি বলেন, “এই হাটে বিভিন্ন আকার ও দামের গরু পাওয়া যায়। পছন্দমতো পশু বেছে নেওয়ার সুযোগ থাকায় আমরা এখানে আসি।”
অন্যদিকে নাজমুল হক জানান, “মাংস সমিতির জন্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু কিনতে এসেছি। কিন্তু পছন্দের গরুগুলোর দাম ২ লাখ ৫০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।”
ছাগল কিনতে আসা মাহাবুব আলম বলেন, “গত হাটের তুলনায় আজ ছাগলের দাম বেশি। তবে দাম ঠিক হলে পছন্দের ছাগল কিনে নেব।”
স্থানীয়দের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই পশুহাটে ক্রেতা–বিক্রেতার সংখ্যা ও পশুর দাম আরও বাড়তে পারে।