মো. ইব্রাহিম, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ রাত ১১:৫১:২৩
কেরানীগঞ্জে অবৈধ এলপিজি গ্যাস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিকপক্ষ পলাতক
ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করে বাজারজাত করার অভিযোগে একটি গ্যাস প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানার মালিকপক্ষকে পাওয়া যায়নি; তারা পলাতক রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক।
অভিযানকালে দেখা যায়, কারখানার মূল ফটক বন্ধ রেখে ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।
কারখানার ভেতরে সরেজমিন পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, প্লান্টটির কোনো সরকারি বৈধতা নেই। এছাড়া প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স ছাড়াই তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা আইনত দণ্ডনীয়।
তিনি আরও জানান, কারখানাটি বিভিন্ন কোম্পানির খালি সিলিন্ডারে গ্যাস ভরে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।