মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৭:৫৫:৫৬
মৌলভীবাজারে শুরু হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মৌলভীবাজারে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এ খেলা রোববার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মৌলভীবাজার সদর উপজেলা একাদশ ও মৌলভীবাজার পৌরসভা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মৌলভীবাজার পৌরসভা একাদশকে ২-০ গোলে পরাজিত করে মৌলভীবাজার সদর উপজেলা একাদশ।
খেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী সাদিকুর রহমান, ম্যাজিক মোহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের মাদকবিরোধী ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রকাশিত সূচি অনুযায়ী আগামী দিনগুলোতে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে আরও খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।