নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ রাত ০৯:৪৮:৫৯
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত
জেলার মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে পরিদর্শনে যাচ্ছিলেন আনসার কর্মকর্তা আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।