ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৫:২৮
ছাতকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা-৪ জনের কারাদণ্ড
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ছাতক উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতক সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিশেষ মাদকবিরোধী অভিযান। অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের টিমের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলে ছাতকের শিববাড়ি, পৌরসভা কমপ্লেক্স, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকা, জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জে। বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের তল্লাশি ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে আটক ৪ জনের মধ্যে দুইজনকে ৯০ দিন করে, একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ওপর মোট ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের নেতৃত্বে সংশ্লিষ্ট সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ছাতকের বিভিন্ন এলাকায় মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।