পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:২২
পীরগঞ্জে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে মেস নাইট ও পুরস্কার বিতরণ
গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষে মেস নাইট, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, পৌর বিএনপি'র সভাপতি রুহুল আমিন ও সম্পাদক রেজাউল করিম রাজা, হাজীপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান,পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, কোষারাণীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ রোধ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, অতিথি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতে আয়োজনটি প্রাণবন্ত করে তোলে।