ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৭:০৪
উখিয়ায় বসতঘরের খাটের তোষকের নিচে ৮ হাজার ইয়াবা, আটক রোহিঙ্গা নারী
বাইরে থেকে সাধারণ বসতঘর মনে হলেও ভেতরে চলছিল মাদক মজুতের কারবার। শোবার ঘরের খাটের তোষকের নিচে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবার বড় চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। এ ঘটনায় মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসতঘরে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযানকালে বসতঘরটি তল্লাশি করে শোবার ঘরের খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে ৪০টি জিপার ব্যাগে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।