রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ০৮:৫৭:৩৭
ধুনটে ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা আতিক গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আতিকুল ইসলাম আতিক (৪২) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম আতিক সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের দেলবর হোসেনের ছেলে এবং ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বর থেকে ‘জয় বাংলা’ স্লোগানে একটি মশাল মিছিল বের করেন।
অভিযোগ রয়েছে, এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সমর্থকরা মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিল থেকে যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার দুই দিন পর, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আতিকুল ইসলাম আতিক ওই মামলার এজাহারভুক্ত আসামি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।