ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ১০:০৬:১৯
কক্সবাজারে র্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মে) ভোর রাতে উখিয়া থানাধীন পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র্যাবের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও প্রয়োজনীয় আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।