রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ রাত ১০:০১:২৬
বিদেশি রিভলভার-গুলিসহ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি, দেশীয় ও ধারালো অস্ত্র, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ চক্রটির আরও ৬-৭ সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর বাঁধসংলগ্ন টিএমএসএসের মেহগনি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে একাধিক দল অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার মহিষবাথান তালুকদারপাড়ার রবিউল ইসলাম রকি (৩৩), চাঁদমুহাহাট এলাকার রাকিব রহমান (২৬) এবং ঠেঙ্গামারা দহপাড়ার রাফি আহমেদ (১৯)।
ডিবি জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ইলেকট্রিক শকার, দুটি চাপাতি, দুটি ছোরা, একটি স্টিলের পাইপ, ২৮৫ পিস ইয়াবা, ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২০ হাজার ৩০০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, রবিউল ইসলাম রকির নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শন, মাদক কারবার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে পাঁচটি মামলাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।