মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৮:১৬:৩২
টঙ্গীবাড়ীতে রাতে নিখোঁজের পর সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত দ্বীন ইসলাম কাজী ওরফে পাখি (৪৫) মূলচর গ্রামের খোকন কাজীর ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১টার দিকে দ্বীন ইসলাম কাজী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
রোববার সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নিহতের পরিবারকে ফোন করে জানান, তাকে টাঙ্গাইল জেলায় আহত অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে যেতে পরিবারের কাছে টাকা দাবি করা হয়। এ খবর পেয়ে পরিবারের কয়েকজন সদস্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।
পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দ্বীন ইসলাম কাজী-এর মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, নিহতের পরিবার রোববার বিকেল ৪টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডি করার পর বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যরা পুকুরে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।