রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:২৯
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভাটহালি গ্রামের আব্দুল বাছেদ (৭০) এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাইকড় গ্রামের বাবর আলী (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১০ মিনিটের দিকে আব্দুল বাছেদ ও বাবর আলী একটি মোটরসাইকেলে করে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাজাহান কাজীর বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।