রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ০৯:০৪:১৭
সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারির চেষ্টা, দালালের জেল
ঢাকার সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক দালাল। এ ঘটনায় আসাব উদ্দিন নামে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সাভার উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
দণ্ডপ্রাপ্ত আসাব উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।
জানা যায়, তিনি প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভূমি অফিসের কর্মকর্তারা তদন্ত করে সত্যতা নিশ্চিত করেন। পরে জিজ্ঞাসাবাদে আসাব উদ্দিন প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের প্রতারণা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”