কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৪:৪৯
আখাউড়ায় অসুস্থ গরু জবাই: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরসভার কলেজপাড়া এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ একটি গরু অন্য স্থান থেকে এনে জবাই করা হয় এবং সেই মাংস বিক্রির উদ্দেশ্যে কলেজপাড়া এলাকায় নিয়ে আসা হয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং জড়িত দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
মো. শামসুজ্জামান (৩৯), পিতা: মৃত মো. ফজলুর রহমান, কলেজপাড়া এলাকা
মো. ছালাম মিয়া (৬৫), পিতা: মৃত আ. রহিম মিয়া, আনোয়ারপুর গ্রাম, উত্তর ইউনিয়ন
পরে ভ্রাম্যমাণ আদালত মো. ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং মো. শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত সকল মাংস জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।