রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫০:২৫
বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজাসহ একটি বালুভর্তি ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবির একটি দল বগুড়া সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস ‘ছ’মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামানো হয়।
ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫), পিতা-মো. মামুন আকন্দ, গ্রাম কৃষ্ণপুর, থানা ফুলবাড়ী, জেলা দিনাজপুরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি—মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।