বাগেরহাটের রামপাল উপজেলার উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে “সোলার পাওয়ারড সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ” প্রকল্পের শুভ উদ্বোধন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক মো. জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের সাউদার্ন বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি ক্রুজ, সার্কেল এএসপি মো. রেফাতুল ইসলাম, রামপাল এরিয়া কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত পাল এবং পরিবেশকর্মী ও সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ মো. রাজিব আল রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সচেতন নাগরিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “নিরাপদ পানি নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “এ সমস্যা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড ভিশনের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার ও প্রোগ্রাম অফিসার ইশিতা বৌরাগী।