রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৯:৪৭
বগুড়ায় দেড় হাজারের বেশি স্থানে ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলায় এবার মোট ১ হাজার ৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঈদের জামাতকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মাঠগুলো পরিদর্শন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মাওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জামিল মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে ৮টায় কাটনারপাড়া, মালগ্রাম-ছিলিমপুর, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ এবং মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮টায় শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহে নামাজ আদায় করা হবে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় আলতাফুন্নেছা খেলার মাঠ, বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, করনেশন ইনস্টিটিউশন মাঠ এবং ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে জিলা স্কুল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে নারীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
ঈদ উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেন্দ্রীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বগুড়ায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।